আগস্ট ২১, ২০২৬, ১১:০৮ পিএম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এই পোস্টে তিনি নবনিযুক্ত রাষ্ট্রপতির রাজনৈতিক আদর্শ, সততা এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে অতীতে দেওয়া বিভিন্ন বার্তার কথা স্মরণ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের সততা ও নীতিগত অবস্থান তুলে ধরে সামাজিক মাধ্যমে এই স্মৃতিচারণ করেন ডা. তাসনিম জারা।পোস্টে ডা. তাসনিম জারা ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে জানান, সে সময় তরুণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল ভিডিও বার্তা দিয়েছিলেন, যা তাকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেছিল।
কারচুপির আশঙ্কা সত্ত্বেও নিজের আসনে জয়ী হওয়ার পর নীতিগত কারণে তিনি সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে বিরল সততার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না ওঠা এবং বই পড়ার প্রতি তার অনুরাগের বিষয়গুলোও পোস্টে ফুটিয়ে তোলেন।
রাষ্ট্রপতি পদটির গুরুত্ব ও সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ও সর্বোচ্চ পদের মর্যাদা ফিরে আসবে। পোস্টের শেষাংশে ডা. জারা উল্লেখ করেন যে, আজ থেকে নতুন রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি পুরো বাংলাদেশের অভিভাবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি প্রকাশের পর থেকেই তা ব্যাপক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন