ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০৯ এএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ঢাকা-১০ আসনের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট দেন।
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত আসিফ মাহমুদের ভোটদান কেন্দ্রে উপস্থিত ভোটার, বিশেষ করে যুবকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। ভোট দেওয়ার পর তিনি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
ঢাকা-১০ আসনের নির্বাচনী চিত্র: রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১৮৪ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন এবং নারী ১ লাখ ৮২ হাজার ২২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। মোট ১৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—বিএনপির রবিউল ইসলাম রবি (ধানের শীষ), ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত জসিম উদ্দিন সরকার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির বহ্নি বেপারি (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল (হাতপাখা)। এছাড়া লেবার পার্টি, এবি পার্টি ও সাংস্কৃতিক মুক্তি জোটসহ আরও কয়েকটি দলের প্রার্থীরা মাঠে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন