বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হজ প্রশিক্ষণ কর্মশালা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, অংশ নেবেন যেভাবে

জাতীয় ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৭:৩৬ পিএম

হজ প্রশিক্ষণ কর্মশালা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, অংশ নেবেন যেভাবে

আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশন ২০২৬ সালের হজের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বড় ঘোষণা দিয়েছেন। 

হজে গমনেচ্ছুদের সুবিধার্থে এবং হজের যাবতীয় প্রক্রিয়াকে আরও সহজ ও নিখুঁত করার লক্ষ্য নিয়ে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।শায়খ আহমাদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন যে, হাজীরা যে এজেন্সির মাধ্যমেই হজে যান না কেন, তাদের হজ যেন আল্লাহর কাছে কবুলযোগ্য ও সুন্দর হয়, সেটিই তাঁদের মূল লক্ষ্য। 

হজের প্রতিটি ধাপ যেন হাজীরা সুচারুরূপে এবং শুদ্ধভাবে পালন করতে পারেন, সেজন্য বরাবরের মতো এবারও দুই পর্বে দিনব্যাপী এই বিশাল কর্মশালা অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের জন্য একটি গুগল ফরমের লিংক শেয়ার করা হয়েছে, যা পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এই বিশেষ কর্মশালার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা জানানো হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। এতে হজ, উমরা এবং মদিনা জিয়ারতের পূর্ণাঙ্গ পদ্ধতি সচিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বিশেষ করে নারী হাজীদের জন্য পর্দার সাথে প্রশিক্ষণের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের জন্য হালকা নাশতা এবং হজে সর্বদা সাথে রাখার জন্য একটি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় ‘হজ গাইডবুক’ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই সমৃদ্ধ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে কাউকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি সম্পূর্ণ সেবামূলক কার্যক্রম। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত গুগল ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হবে, তাদের পরবর্তী সময়ে মোবাইল ফোন অথবা এসএমএসের মাধ্যমে চূড়ান্ত সময় ও প্রশিক্ষণের স্থান বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ হাজীদের মধ্যে ইতিমধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। আগ্রহী হাজীগণ গুগল ফরম পূরণ করুন: https://forms.gle/BxMvjbJWpfiXnvKQ9