রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নজরুল সংগীত কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

আগস্ট ৬, ২০২৬, ০২:৫৭ পিএম

দিনাজপুরে নজরুল সংগীত কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নজরুল বর্ষ-২০২৬ কে সামনে রেখে দিনাজপুরে তিন দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালার সমাপনী, আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের নিমতলা এলাকায় ভৈরবীর নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভৈরবী ও বিফোর স্কুলের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংগীতশিল্পী ও সুধীজনরা অংশ নেন।

সমাপনী রাতে আলোচনা ও সম্মাননা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।ভৈরবীর সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ রহমতের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সংগঠনের সভাপতি সুলীন মজুমদারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ডা. শহীদুল ইসলাম খাঁন এবং দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। 

এছাড়া বাংলাদেশ ধ্রুব পরিষদ উত্তর পশ্চিম অঞ্চল দিনাজপুরের সাধারণ সম্পাদক রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ, শিল্পী নিজাম উদ্দীন আহমেদ রয়েল, মো. নজরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব তারিকুজ্জামান তারেক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু বক্তব্য রাখেন। সুইহারী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু ও দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক তাহমিনা মনোয়ার এবং সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী মিরাজ মেহেদী। প্রধান প্রশিক্ষক ও সহযোগী প্রশিক্ষককে ভৈরবীর পক্ষ থেকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার সময় বলেন যে মানুষ হিসেবে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির আদর্শ ও চিন্তা-চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা দারুণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভৈরবীর প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা মনোমুগ্ধকর নজরুল সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্জিনা খানম মৌ এবং তবলায় সার্বিক সহযোগিতা করেন অলকেশ অধিকারী। স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আয়োজনটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।