রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জুলাই ৩০, ২০২৬, ০৮:২৭ পিএম

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।নির্ভুল ডাটাবেজ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

সদর উপজেলা এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় ‍‍`কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ‍‍` শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, কোর রোড নেটওয়ার্ক, সড়ক অ্যাসেট ও তথ্য যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক ও হালনাগাদ ডাটাবেজ তৈরি করা হবে। এই ডাটাবেজ ভবিষ্যতে নতুন উন্নয়ন প্রকল্প প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীদের সর্বোচ্চ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল। সদর উপজেলা প্রকৌশলী মো. রিশাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটসের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন।

কর্মশালায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, সচিব এবং এলজিইডির ঠিকাদাররা অংশ নেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেটস্ কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য। এর আগে সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা প্রকৌশলী মো. রিশাদ জামান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তিনি স্থানীয় এলজিইডি কার্যালয় পরিদর্শন করেন।