শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৯:৩৫ এএম

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। পরে বনানী কবরস্থানে এই গুণী নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে আতাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধার অভাবে পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দুবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সবশেষ গত রোববার তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত করে।

 

নাট্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’ ও ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’। তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।