বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৯:০৪ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ওআইসি রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকার অনুষ্ঠানের শুরুতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে তারা বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি দেশগুলোকে তাদের অব্যাহত সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের (পিপল-টু-পিপল কন্টাক্ট) ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব দরবারে ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো অবস্থান ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন। সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।