রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

জাতীয় ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৮:২৬ পিএম

আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সচিবালয়ে সংবাদ ব্রিফিং

আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের বৃহৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য দ্রুত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়ভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বর্তমান সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান।

সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্য পদের সর্বশেষ তথ্য দ্রুত পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ যৌথভাবে কাজ করছে। ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের জ্বালানি পরিস্থিতি সফলভাবে উত্তরণের কথা উল্লেখ করেন। 

বর্তমানে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং শৃঙ্খলা আনতে দেশব্যাপী ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারি হিসাবমতে দেশের ২২৩টি ফিলিং স্টেশনকে এই আধুনিক কার্যক্রমের আওতায় আনা হয়েছে এবং এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজার ২১১টি যানবাহন এই ডিজিটাল ফুয়েল পাস সিস্টেমে নিবন্ধিত হয়েছে।

দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী জুন মাসেই এর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে এবং ২০২৯ সালের মধ্যে এর পরীক্ষামূলক কার্যক্রম চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে। 

এছাড়া পরিবেশবান্ধব ইলেকট্রিক বা বৈদ্যুতিক বাস আমদানিতে সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় এই বাসগুলো আমদানি করতে পারে সেই সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজও মন্ত্রিপরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে শুরু হয়েছে।