বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০২:৪৯ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

মেঘলা আকাশ ও বৃষ্টির পানি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খবর পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। দাপ্তরিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা এক থেকে দুই দিন বয়সী এই শিশুগুলো একে একে মারা যায়।

 হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের নিউ নেটাল আইসিইউ বা এনআইসিইউতে নেওয়া হয়েছিল। সিজারের পর নিয়মিতভাবেই ওই নির্দিষ্ট ওয়ার্ডে মা ও নবজাতকদের একসাথে রাখা হয়।মৃত শিশুদের স্বজনেরা হাসপাতালের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনেছেন।

তাদের দাবি, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ডিউটিতে ছিলেন না। বাচ্চারা সারারাত ধরে কান্না ও বমি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয়নি। এসি গ্যাস লিকেজের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে স্বজনদের কেউ কেউ অভিযোগ তুললেও হাসপাতাল প্রশাসন সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার করেনি। পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে পুরো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।