জুলাই ১৬, ২০২৬, ০৫:৫২ পিএম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস এবং দেশটির খ্যাতনামা ভেজথানি হাসপাতালের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক বিশেষ স্মরণ ও সংহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংককের ভেজথানি হাসপাতালের এসডি বিল্ডিংয়ের সপ্তম তলায় অবস্থিত অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র জুলাই বিপ্লবের শহীদ এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।নীরবতা পালন শেষে অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসাধীন বেশ কয়েকজন আহত যোদ্ধা তাদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগ সহকারে আহত যোদ্ধাদের এই বক্তব্য ও বীরত্বগাথা শোনেন।
অনুষ্ঠানে থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভেজথানি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বর্তমানে ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন সম্মানিত আহত জুলাই যোদ্ধা এবং তাদের সাথে থাকা পরিচর্যাকারীদের উপস্থিতি ও সংহতি কামনা করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন আহত বীর যোদ্ধাদের মানসিক ও নৈতিক মনোবল দৃঢ় করতে এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তার অগ্রগতি এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন