আগস্ট ৩, ২০২৬, ১০:৫৪ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) `জুলাই শহীদ দিবস` উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-এক এ ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এই সভা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রুদ্র সেন ও শহীদ রাহুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউ্ল্যা। তিনি বলেন, চব্বিশের এই অর্জনের মাধ্যমে দেশীয় স্বৈরাচার ও বহির্বিশ্বের প্রভাব থেকে দেশের মুক্তি মিলেছে। একাত্তরে শুধু ভৌগোলিক সীমানা পাওয়া গেলেও জুলাইয়ের এই ছাত্র-জনতার অভ্যুত্থান শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার পথ তৈরি করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই জেলারই সন্তান হওয়ায় তিনি সবার পক্ষ থেকে গর্ব প্রকাশ করেন এবং দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির শরীরে রাবার বুলেটের আঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশে আর কোনোদিন স্বৈরাচারী সরকারের উত্থান হবে না। ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান নিহতদের পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভায় শহীদ রাহুলের বাবা মোসলেম উদ্দিন এবং শহীদ রুদ্র সেনের বাবা সুবীর সেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন