জুলাই ১৬, ২০২৬, ১০:২৩ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ) এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।আলোচনা সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না। আমরা এই অকৃতজ্ঞ জাতি নই। যে সরকার বর্তমানে দায়িত্বে আছে, তারা জুলাই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এই দল মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে।
শহীদ আবু সাঈদের বীরত্ব স্মরণ করে তিনি বলেন, সাঈদ ফাঁকা জায়গায় বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে। ভবিষ্যতে আমরা আর এমন কোনো আন্দোলন বা গুলিবর্ষণে মানুষ হত্যার বাংলাদেশ চাই না। আমরা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের বেতন বকেয়া থাকার বিষয়টি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাস্কর। আমি ব্যক্তিগতভাবে এই সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, যারা রাস্তায় নেমেছেন এবং যারা বুলেটের সামনে বুক পেতেছেন, তারা জানতেন না হাসিনা পালাবেন। তারা কোনো প্রাপ্তির আশায় আন্দোলনে যাননি। জেল খাটার সম্ভাবনা জেনেও তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার। সরকারের এই দায়িত্ব পালনে অবহেলা হলে তা অকৃতজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন