জুলাই ২০, ২০২৬, ০৬:১৪ পিএম
রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য হতে হবে বলে তিনি মন্তব্য করেন। সোমবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।সরকারি প্রতিটি সভার বিনিময়-মূল্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, প্রতিটি পদক্ষেপ গ্রহণের আগে তার প্রয়োজনীয়তা ও জনকল্যাণে তার প্রভাব বিবেচনা করতে হবে। প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে প্রাপ্ত সুফলের হিসাবও প্রশাসনের অংশ হতে হবে। বর্তমান বিশ্বব্যবস্থায় বহুমেরুকেন্দ্রিক চ্যালেঞ্জ, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ঘটছে। এসব মোকাবিলায় দক্ষ প্রশাসন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সিভিল সার্ভিসের বিকল্প নেই। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মূল চালিকাশক্তি প্রশাসন উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের সুফল দেশের নাগরিকরা ভোগ করবে। তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং ইশতেহারকে সমন্বয় করে বাস্তবায়ন সূচক বা ট্র্যাকার প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি প্রতিশ্রুতিগুলোকে পরিমাপযোগ্য সূচকে রূপান্তর করতে দক্ষ আইটি বিশেষজ্ঞ ও ডেটা বিশ্লেষণী প্রতিষ্ঠানের সহযোগিতার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতের জনপ্রশাসন হবে উপাত্তভিত্তিক ও প্রযুক্তিনির্ভর। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক তদারকি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা বাড়ানো সম্ভব। কর্মকর্তাদের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন