বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

বিভাগ জেলা ও উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:৪০ পিএম

বিভাগ জেলা ও উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি অবিলম্বে পুনর্গঠন করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ লক্ষ্যে সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য বহু কমিটি কার্যকর রয়েছে। তবে প্রশাসনিক পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির সিংহভাগই বহু বছর পূর্বে গঠিত হয়েছিল। এমনকি বেশ কিছু কমিটির মূল প্রজ্ঞাপন ও চলমান কার্যক্রমসংক্রান্ত হালনাগাদ কোনো নথিপত্রও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাওয়া যাচ্ছে না। সার্বিক প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান কাঠামো ভেঙে নতুন করে কমিটি পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের অন্তত তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়নপ্রাপ্ত এই তিন ব্যক্তির মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এই বিশিষ্ট ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির দায়িত্ব পালন করবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সমাজের সকল অংশীজনের যথার্থ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বিশেষ করে চিঠির সঙ্গে যুক্ত অগ্রাধিকার তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের যাবতীয় কমিটি দ্রুত হালনাগাদ করে তার অগ্রগতি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করতে সংশ্লিষ্ট সচিবদের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, প্রশাসনিক কাঠামো সংস্কারের পাশাপাশি পূর্ববর্তী আওয়ামী লীগ সমর্থক ব্যক্তিদের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ কমিটিগুলো থেকে অব্যাহতি দিতেই এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।