মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
লটারিতে পদায়ন

দুর্নীতি রুখতে ঢাকায় লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রার পদায়ন

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৩:২০ পিএম

দুর্নীতি রুখতে ঢাকায় লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রার পদায়ন

ঢাকায় গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য সারা দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যতিক্রমী এই লটারির আয়োজন করা হয়। বাছাই করা ১৮ জন সাব-রেজিস্ট্রারকে তাদের দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও স্টেশনের প্রয়োজন বিবেচনা করে ঢাকার বিভিন্ন অফিসে পদায়ন করা হবে।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া আইন সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রমজান খান এবং মহাসচিব মাইকেল আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন এবং ১৩৯টি পদ শূন্য রয়েছে।

লটারিতে বাছাই হওয়া ১৮ জন হলেন রূপগঞ্জের মো. গোলাম মোর্তজা, সাতক্ষীরা সদরের অমায়িক বাবু, চাঁদপুরের ফরিদা আক্তার, চুয়াডাঙ্গা সদরের অজয় কুমার সাহা, চট্টগ্রামের অমিত মঙ্গল চাকমা, কুষ্টিয়া সদরের মো. রাসেল মল্লিক, নরসিংদীর গোবিন্দ সাহা, পিরোজপুরের মো. মাসুম, ব্রাহ্মণবাড়িয়ার এস এম আবু মুসা, সাতক্ষীরার নাজনিন জাহান, কুমিল্লার মোহাম্মদ হানিফ, ঠাকুরগাঁওয়ের মনীষা রায়, চট্টগ্রামের সিং মং থোয়াই, টাঙ্গাইলের রাজিব মজুমদার, মুন্সিগঞ্জের আলী আজগর, মানিকগঞ্জের শর্মিলা আহমেদ শম্পা, যশোর সদরের আমিনা বেগম এবং চট্টগ্রামের টিনু চাকমা।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকার পোস্টিংকে সাব-রেজিস্ট্রারদের জন্য একটি প্রাইজ পোস্টিং হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকার পোস্টিংয়ের ক্ষেত্রেই লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে যেসব জায়গাকে প্রাইজ পোস্টিং হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে।

ঢাকায় নির্বাচিতদের সার্ভিস রুল অনুযায়ী এবং ভালোভাবে দায়িত্ব পালন করা সাপেক্ষে রাখা হবে, তবে দুর্নীতিতে জড়ালে তাদের রাখা হবে না। সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ নিয়ে মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান মন্ত্রী। তিনি সাংবাদিকদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি সাংবাদিকদের একটি অংশের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে চাঁদা বা মাসোহারা চাওয়ার অভিযোগ পাওয়ার কথাও উল্লেখ করেন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। লটারির মূল উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং বৈষম্যহীন স্বচ্ছ প্রক্রিয়ার সূচনা করা এবং এই উদ্যোগের কার্যকারিতা ভবিষ্যতে মূল্যায়ন করা হবে।