জুলাই ১৯, ২০২৬, ০২:৩৮ পিএম
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে তিনি জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রণয়নের কোনো যৌক্তিকতা নেই, যদি না তা জনগণের প্রকৃত কল্যাণে আসে। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।
সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন কিংবা মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে ভুল পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থায় রূপান্তরিত করা দরকার।
দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও কৃষি ও কৃষকদের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। তাই কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এছাড়া ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে।
সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি মূলত সরকারের উচ্চপর্যায়ে ও রাজনৈতিক ম্যান্ডেটের আলোকে প্রণীত হয়। ব্যুরোক্রেসির কাজ হলো সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার রয়েছে, তা বিধি মোতাবেক বাস্তবায়ন করাই আপনাদের মূল দায়িত্ব। নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন