আগস্ট ১৬, ২০২৬, ১১:৪৩ এএম
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কনফারেন্স রুমে এই যাচাই-বাছাই সম্পন্ন হয়।প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে বিএনপির একটি এবং ১১ দলীয় ঐক্যের দুটি মনোনয়নপত্র ছিল। কর্নেল অলির একটি মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় তাঁর আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল চারটার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে সংসদ সদস্যদের গোপন ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন