আগস্ট ২৩, ২০২৬, ১২:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের পর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার অন্যতম প্রথম প্রাতিষ্ঠানিক কর্মসূচি।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার মাজারে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।শ্রদ্ধা নিবেদনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল জেলা ও মহানগর বিএনপি ছাড়াও জহির উদ্দিন স্বপনের নিজ নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। নবনিযুক্ত এই রাজনৈতিক উপদেষ্টাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও সফলভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন