আগস্ট ৩০, ২০২৬, ১২:৫৮ পিএম
শিক্ষায় শুধু ভালো জিপিএ-৫ বা সার্টিফিকেট থাকলেই যথেষ্ট নয়, সমাজের মধ্যে নৈতিকতাটাকে প্রাধান্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষায় নৈতিকতা একটি বড় গুণ। শনিবার লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তরুণ সমাজকে এই চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু এবং সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ।এসএসসি পাস করার পর উচ্চমাধ্যমিক স্তরেও শিক্ষার্থীদের পড়ালেখার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন