অক্টোবর ১২, ২০২৬, ১০:০২ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প, সুনীল অর্থনীতি ও তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ ও সার্বিক সংস্কার প্রক্রিয়ায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়।
বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও বৃদ্ধির ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় জানানো হয়, নেদারল্যান্ডসের বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নির্বিঘ্ন করতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
এছাড়া কৃষি, বস্ত্র খাত, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে যৌথ সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। এ সময় উল্লেখ করা হয় যে নেদারল্যান্ডস নিয়মিত বাংলাদেশ থেকে আম আমদানি করে এবং স্থানীয় কৃষিতে ডাচ উন্নত জাতের আলুর বীজ সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
একই সঙ্গে সুনীল অর্থনীতি, জাহাজ নির্মাণ শিল্প এবং ডাচ কারখানাগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামগ্রিক উন্নয়ন রূপকল্প ও জনকল্যাণমুখী নীতি তুলে ধরেন। বিশেষ করে নদী ও খাল সংস্কারের আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন প্রকল্প, তিস্তা ব্যারেজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
শিক্ষা ও কর্মসংস্থানের রূপান্তরে শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়, কারিগরি শিক্ষার প্রসার এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ তুলে ধরা হয়। বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির পাশাপাশি সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডাচ প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির বিস্তার, পরিবেশবান্ধব কারখানা স্থাপন এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় মহাপরিকল্পনা বৈঠকে উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালুর পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার পূর্ণাঙ্গ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। একটি প্রাণবন্ত সংসদ পরিচালনা, বিরোধী দলের অবাধ মতপ্রকাশের সুযোগ, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের অগ্রগতি বৈঠকে সবিস্তারে আলোচিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং দেশটির টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন