মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

যে প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:১১ এএম

যে প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

নির্বাচন কমিশন (ইসি) থেকে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে ‘আমজনতার দল’। দলটিকে ‘প্রজাপতি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

নিবন্ধন সনদ গ্রহণের পর তারেক রহমান ঘোষণা দেন, তার দল কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনেই নিজস্ব প্রার্থী দিয়ে অংশগ্রহণ করবে আমজনতার দল।

তিনি বলেন, নিবন্ধন পাওয়ার লড়াইয়ে আমরা অনেকটা সময় পিছিয়ে গেছি, তবে সৎ ও স্বচ্ছ থেকে দেশের মঙ্গলের জন্য আমরা কাজ করে যাব।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর বিধান অনুযায়ী সব শর্ত পূরণ করায় আমজনতার দলকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর কমিশন নীতিগতভাবে দলটিকে নিবন্ধিত করার সিদ্ধান্ত নেয় এবং ৯ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ে সাধারণের আপত্তির সময় দেওয়া হয়। শুনানি শেষে কোনো বড় বাধা না থাকায় রোববার চূড়ান্ত সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে নিবন্ধন পাওয়ার দাবিতে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ পালন করেছিলেন তারেক রহমান। টানা ১৩৪ ঘণ্টা অনশনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভেঙেছিলেন। অবশেষে সেই সংগ্রামের ফল হিসেবে ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নামার সুযোগ পেল দলটি।