ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৩৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার নতুন রাজনৈতিক পরিচয় নিয়ে সামনে এলেন। তিনি আনুষ্ঠানিকভাবে ‘আমজনতার দলে’ যোগদান করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির প্রধান মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে তিনি এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বারবার নির্বাচন করে আলোচনায় আসা হিরো আলম এবার তাঁর সিদ্ধান্তের পরিবর্তন এনেছেন। যোগদানের বিষয়ে তিনি বলেন।
যেহেতু আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, তাই ভাবলাম এবার আর স্বতন্ত্র নয়, কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করি। বেশ কয়েকটি দলের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু আদর্শগত মিল না থাকায় সেগুলোতে যোগ দিইনি।
হিরো আলম জানান, আমজনতার দলের প্রধান মো. তারেক রহমানের সঙ্গে তাঁর বেশ কয়েকবার আলাপ হয়েছে। দীর্ঘ আলোচনার পর তিনি এই দলে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “তারেক ভাইয়ের সঙ্গে আলাপ করে ভালো লেগেছে, তাই শেষে এই সিদ্ধান্ত নিয়েছি।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দল থেকেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি জানান, আজ রাতেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর নির্বাচনী পরিকল্পনা এবং দলের অবস্থান সম্পর্কে বিস্তারিত দেশবাসীকে জানাবেন।
উল্লেখ্য, এর আগে হিরো আলম বিভিন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার একটি রাজনৈতিক দলের ছায়াতলে থেকে তিনি নির্বাচনী বৈতরণী পার হতে পারেন কি না, তা নিয়ে তাঁর অনুসারীদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন