বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:০৭ পিএম

নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

 বিএনপিতে যোগ দিয়ে রাশেদ খাঁন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আদর্শ হিসেবে মানি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তারেক রহমানের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে।

আমি বিশ্বাস করি, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তাঁর ভূমিকা হবে ঐতিহাসিক। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে সক্রিয় থাকা এই নেতা জানান, তারেক রহমানের নেতৃত্বেই তিনি আগামী দিনে লড়াই চালিয়ে যেতে চান।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) বিএনপির প্রার্থী হিসেবে 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খাঁন। মির্জা ফখরুল সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাশেদের পক্ষে কাজ করার নির্দেশ দেন।এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

দলীয় সূত্রমতে, যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে ঝিনাইদহ-৪ আসনটি গণঅধিকার পরিষদকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে 'ট্রাক' প্রতীকে জয়ের সম্ভাবনা অনিশ্চিত মনে হওয়ায় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।