জানুয়ারি ১, ২০২৬, ০৩:৩৮ পিএম
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মানুষ গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তিনি এক বিরল ব্যক্তিত্ব।
নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন অটল। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কখনো এই দেশ ছেড়ে চলে যাননি। দেশের প্রতি, দেশের মাটির প্রতি এবং মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসাই মানুষকে আলোড়িত করেছে।
তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে যখন তাঁর অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই মুহূর্তেই তাঁর চলে যাওয়ায় সাধারণ মানুষ মর্মাহত। মানুষ চোখের পানি ফেলে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছে।খালেদা জিয়ার মৃত্যু আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে জনগণের মধ্যে এক গভীর ভালোবাসা ও আবেগ (Emotion) তৈরি হয়েছে।
এই আবেগ নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও বেশি শক্তিশালী করবে।তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি হিসেবে জনগণ বিএনপিকে বিজয়ী করবে।মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গেছেন এবং খালেদা জিয়া যা লালন করেছেন, সেই পতাকা এখন তারেক রহমানই তুলে ধরবেন। তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন—এটাই মানুষের প্রত্যাশা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন