জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছেন যে তিনি নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেবেন। শনিবার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সাথে আপসের যে সংস্কৃতি এতদিন চলে আসছে তা ভেঙে দিতে হবে। দেবিদ্বারের অনেক প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছেন বলে তিনি সরাসরি অভিযোগ তোলেন।
নির্বাচনী সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অতীতের রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন কিছু নেতা নির্বাচনের আগে সামান্য সহায়তা দিয়ে দরবেশ সেজে ভোট চাইতে আসে কিন্তু তাদের আসল চেহারা আড়ালেই থেকে যায়।
এই ধরনের মৌসুমি নেতাদের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি অভিযোগ করেন যে প্রতিপক্ষের নেতাকর্মীরা এখনই সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে এবং নির্বাচনের পর ঘরবাড়ি উচ্ছেদ করার ভয় দেখাচ্ছে। হাসনাত ভোটারদের প্রতি আহ্বান জানান যাতে তারা ভয় না পেয়ে ঐক্যবদ্ধ থাকেন এবং ভোট ডাকাতি রুখতে রেজাল্ট ঘোষণা পর্যন্ত কেন্দ্রে সজাগ অবস্থান নেন।নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন তিনি তাদের সন্তানের মতো নির্বাচনে দাঁড়িয়েছেন।
তিনি মা-বোনদের অনুরোধ করেন যাতে তারা প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের সাথে কথা বলেন এবং আত্মীয়-স্বজনদের ফোন করে ভোট নিশ্চিত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে জনগণ যদি তাকে ১০ দিন কষ্ট করে ভালোবেসে ভোট দিয়ে সংসদে পাঠায় তবে আগামী পাঁচ বছর তিনি জনগণের পাশে থেকে বিনা পয়সায় সেবা প্রদান করবেন। তার নির্বাচনী প্রতীক `শাপলা কলি`র জয় নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভায় স্থানীয় জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা বলেন দেবিদ্বারের মাটিতে আর কোনো টেন্ডারবাজি বা ব্যাংক ডাকাতদের ঠাঁই হবে না। অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়নের আমিরগণ উপস্থিত থেকে হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। বক্তারা মনে করেন হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতৃত্বই পারে একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন