শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দুর্নীতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: নজরুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:২৭ পিএম

দুর্নীতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: নজরুল ইসলাম

বক্তব্য দিচ্ছেন ড. নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ড. নজরুল ইসলাম খান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে এদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চরমভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, দেশের প্রতিষ্ঠানগুলো যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আগে ধারণা করা হয়েছিল, বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি। 

শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ী দলগুলোর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।নজরুল ইসলাম খান তার বক্তব্যে আরও বলেন, দলীয়করণ, আত্মীয়করণ, ব্যাপক দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার কারণে রাষ্ট্রীয় কাঠামোর এই অপূরণীয় ক্ষতি হয়েছে। 

তিনি মনে করেন, আওয়ামী লীগের রেখে যাওয়া এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই এখন বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। দেশের এই ক্রান্তিলগ্নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে তিনি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে পূর্ণ সহযোগিতার করার আহ্বান জানান।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রতিযোগিতার চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন খান। বক্তারা সুস্থ ধারার বিতর্কের মাধ্যমে তরুণ সমাজকে সঠিক রাজনৈতিক সচেতনতা ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।