ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১৮ পিএম
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে একটি ন্যায্য, স্বচ্ছ ও জনবান্ধব বাজার ব্যবস্থা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এক নির্বাচনী ভাষণে তিনি এই পরিকল্পনার কথা জানান। নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের একটি দুর্নীতিগ্রস্ত চক্র বা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে জনগণের পকেট কাটছে।
এনসিপি ক্ষমতায় গেলে এই দুষ্টু চক্রের বিরুদ্ধে কঠোর আইন করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।নাহিদ ইসলাম তার ভাষণে নিত্যপণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক বিকল্প উৎস থেকে পণ্য আমদানি করা হবে যাতে দেশ ‘পণ্যবন্দি’ না হয়। এছাড়া কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, ওএমএস কর্মসূচির বিস্তার এবং নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে বাজারে প্রতিযোগিতা সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।
বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নে এনসিপি ডিজিটাল সিস্টেম এবং কোল্ড স্টোরেজ নির্মাণের ওপর জোর দেবে বলে জানান নাহিদ। তিনি বলেন, মৌসুমি পণ্য সরকারিভাবে আগাম কিনে মজুত রাখা হবে যেন সংকটের সময় সাধারণ মানুষ সুলভে পণ্য কিনতে পারে। ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে বাজারকে সিন্ডিকেটমুক্ত করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন