ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৮ এএম
রাজধানীর ঢাকা-৯ (মুগদা-বাসাবো-খিলগাঁও) আসনে এক নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের দৃশ্য দেখা গেল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনের ১১ জন প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য বিশেষ অঙ্গীকারনামাও পাঠ করানো হয়।
অংশগ্রহণকারী সকল প্রার্থী একমত হয়ে জানিয়েছেন যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিজয়ী ব্যক্তি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন।
ঢাকা-৯ আসনের এই নির্বাচনি লড়াইয়ে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইশতেহার ঘোষণায় প্রার্থীরা শিক্ষা, স্বাস্থ্য এবং জননিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে মুগদা হাসপাতালের আধুনিকায়ন, এলাকার যানজট নিরসন এবং কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার প্রার্থীরা বারবার ব্যক্ত করেছেন।
ইসি আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধকে প্রশংসিত করেছে।ইশতেহার ঘোষণার সময় জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বলেন, "নির্বাচিত হলে আমি এলাকায় সুশৃঙ্খল সুশাসন নিশ্চিত করব।" অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার ৬ দফার মধ্যে কর্মজীবী মায়েদের সুবিধার্থে `কমিউনিটি ডে কেয়ার সেন্টার` চালুর প্রতিশ্রুতি দেন এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া (জাবেদ রাসিন) গুরুত্ব দেন কিশোর গ্যাং দমনে এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর। বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব বলেন, "আমরা সবাই এলাকার কল্যাণ চাই, তাই জয়ী হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।ঢাকা-৯ আসনে এবার মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন।
এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন নারী ভোটার রয়েছেন। এছাড়াও ৫ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে মুগদা, বাসাবো ও খিলগাঁও এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা তাদের প্রচারণায় ডিজিটাল ও মাঠ পর্যায়ে সমানভাবে সক্রিয় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন