বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন এমপি ড. মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ১০:৩৩ পিএম

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন এমপি ড. মাসুদ

জনতার কল সেন্টারের উদ্বোধন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের বিশেষ উদ্যোগে বাউফলে যাত্রা শুরু করেছে ‘জনতার কল সেন্টার’। সোমবার দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

মূলত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সরাসরি জনপ্রতিনিধির সঙ্গে নাগরিকদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট দ্রুত নিরসনের উদ্দেশ্যেই এই জনতার কল সেন্টার চালু করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে এলাকার যেকোনো নাগরিক তাদের অভিযোগ, বিভিন্ন সমস্যা, পরামর্শ কিংবা গঠনমূলক মতামত সরাসরি জানাতে পারবেন। 

এর মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে বিদ্যমান দূরত্ব কমে আসবে এবং সরকারি-বেসরকারি সেবার মান আরও গতিশীল ও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এমপি ড. মাসুদ আরও উল্লেখ করেন যে, এই প্রযুক্তিভিত্তিক উদ্যোগটি জনসেবাকে আরও মানবিক এবং জবাবদিহিমূলক করতে বিশেষ ভূমিকা রাখবে। কল সেন্টারটি পরিচালনার জন্য একটি দক্ষ টিম গঠন করা হয়েছে যারা ২৪ ঘণ্টা উপজেলার মানুষের অভাব-অভিযোগ শুনবেন এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন। 

এ সময় তিনি সেবার জন্য দুটি বিশেষ মোবাইল নম্বর— ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। তবে কল সেন্টারটি যেন শুধু প্রকৃত প্রয়োজনে ব্যবহার করা হয় এবং কেউ যেন মিথ্যা তথ্য বা হয়রানিমূলক কল না করেন, সেই অনুরোধও জানান তিনি।বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। 

বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে এই কল সেন্টারটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবিরের সভাপতি আরিফ হোসাইন এবং পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।