শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বাউফলে সাধারণ মানুষের মুখোমুখি ড. মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:০৭ এএম

বাউফলে সাধারণ মানুষের মুখোমুখি ড. মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাসভবনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

সকাল থেকেই বাউফলের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে আসতে শুরু করেন। সাক্ষাৎকালে স্থানীয় বাসিন্দারা তাঁদের পারিবারিক ও সামাজিক সংকট তুলে ধরেন। এর মধ্যে ছিল অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ মানুষের চিকিৎসার আকুতি এবং নিরাপদ বসতঘর নির্মাণের আবেদন। এ ছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধ এবং ছেলেমেয়েদের বিয়ের বিষয় নিয়েও আলোচনা হয়। সংসদ সদস্য উপস্থিত সবার বক্তব্য শোনেন এবং ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে কয়েকজন বাসিন্দা তাঁদের রিকশা চুরি, এলাকায় মাদক সরবরাহ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। তাঁরা এসব অপকর্মে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংসদ সদস্য এ বিষয়ে শূন্য সহনশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় শেষে নাগরিক সুবিধা ও স্থানীয় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।