রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা ড. মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০২:১৮ পিএম

প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা ড. মাসুদ

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন ও ভাতা দান করে তিনি এই মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. মাসুদ জানান, তার নির্বাচনি এলাকার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামে রিপন দাস, সাধু দাস ও নিধু দাস নামে তিন ভাই দীর্ঘদিন ধরে প্রতিবন্ধিতার কারণে মানবেতর জীবনযাপন করছেন। 

সাংবাদিকদের মাধ্যমে এই তিন ভাইয়ের দুর্দশার কথা জানতে পেরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন।

পাশাপাশি তাদের জরাজীর্ণ বাড়িটি পুনঃনির্মাণ ও নিয়মিত খাবারের ব্যবস্থা করা হচ্ছে।তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার বিধান থাকলেও স্বাধীনতার ৫৫ বছর পরও অনেকে তা থেকে বঞ্চিত। এ ক্ষেত্রে তিনি জাতীয়তাবাদের নামে ব্রিটিশ ও পাকিস্তানি আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগও তোলেন।

ড. মাসুদ আরও বলেন, জামায়াতে ইসলামী দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে মর্যাদা দেয়। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ইসলামের কঠোর নির্দেশ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের প্রতিটি সামাজিক কার্যক্রমে এই সমঅধিকারের নীতি অনুসরণ করা হয় বলেও জানান তিনি।