বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:১০ এএম

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ আজ সোমবার অনুষ্ঠিত হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কার্যক্রম চলবে। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ মে ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়ার দিন নির্ধারিত ছিল।কিন্তু ওই দিন সংশ্লিষ্ট সাক্ষী অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এই কারণে আদালতের পক্ষ থেকে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়াটি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। 

বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন। তবে সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

এর আগে গত ২৬ এপ্রিল এই মামলার পাঁচ নম্বর সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান পলক। এর জের ধরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও হত্যায় সহায়তার কারণে রাসেল ও মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হওয়ার কথা অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়া রাজধানীর উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তার আলাদা অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। চলতি বছরের ২১ জানুয়ারি এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নিয়েছিলেন একই আদালত।