বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ফখরুলের

আবু সালেহ মোঃ রায়হান

জুন ৩, ২০২৬, ০২:০৫ পিএম

দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ফখরুলের

ছবি-দিনাজপুর টিভি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে রুখে দিতে সর্বস্তরের জনগণকে চরম সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ও নীতিগত আহ্বান জানান। 

তিনি স্পষ্ট করে বলেন যে একটি স্বার্থান্বেষী মহল দেশে কৃত্রিম সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে lলিপ্ত রয়েছে যা নস্যাৎ করতে সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে।জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতেই একটি মহল এই অনাকাঙ্ক্ষিত অপতৎপরতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

অনুশনে দেশের চলমান অগ্রগতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে সফলভাবে বাস্তবায়ন করছে। 

নির্বাচনের পূর্বে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ইতিমধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং দেশব্যাপী কৃষিভিত্তিক খাল খননসহ বিভিন্ন গণমুখী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনগণের অভাবনীয় ভোট ও অকুণ্ঠ সমর্থনের কারণেই এই সমস্ত যুগান্তকারী প্রশাসনিক ও সামাজিক সংস্কার কার্যক্রমকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের তরুণ সমাজকে সর্বনাশা মাদক থেকে সম্পূর্ণ দূরে থেকে নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিশেষ পরামর্শ দেন। 

মাদকাসক্তি রুখে দিতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের গৌরবময় বিজয়কে দেশের এক ঐতিহাসিক আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।