জুন ১৬, ২০২৬, ১০:০৩ এএম
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ব লন্ডনের মায়েদা গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে রেস্তোরাঁর বাইরে বিক্ষোভ ও বিশৃঙ্খলা দেখা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোয়েন করা হয়।
ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন এলাকায় হাসনাত আবদুল্লাহ ও তাঁর সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। নিরাপত্তার খাতিরে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি বেষ্টনীতে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য রাখেন।বিক্ষোভের ঘটনায় অন্তত তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে নিয়ে যেতে দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে বিকেলে রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।সেখানে হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের উপস্থিতিকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এহতেশামুল হকের গায়ে ডিম নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে।
এনসিপি ইউকে অ্যালায়েন্স এই ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। তারা দাবি করছে, প্রতিপক্ষ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বের হতে পারেনি। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো পূর্বপরিকল্পিত দলীয় কর্মসূচি ছিল না, বরং ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন