জুলাই ১০, ২০২৬, ০৮:৫০ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে এক নাগরিক সমাবেশে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, নতুন ভবন নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনায় সাধারণ মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এ ধরনের চাঁদাবাজদের তালিকা তৈরি করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।তিনি জনগণকে চাঁদাবাজদের কোনো অর্থ না দিয়ে কেবল সরকার নির্ধারিত কর পরিশোধের আহ্বান জানান।
শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির দৌরাত্ম্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ ঢাকা-১৩ শাখা এই কর্মসূচির ডাক দেয়। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে কিশোর গ্যাং, দখলদারিত্ব, মাদক এবং মদের বার উচ্ছেদে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি এলাকাটিকে নিরাপদ ও শান্তিময় আদর্শ নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কিশোর গ্যাং প্রসঙ্গে আমিরে মজলিস বলেন, দরিদ্র ও পিতর্ধারা কিশোরদের বিভিন্ন অপরাধচক্র ব্যবহার করছে। এদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।মাদককে সব অপরাধের মূল কারণ উল্লেখ করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ অন্যান্য এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
লালমাটিয়া এলাকায় মদের বার পরিচালনার সমালোচনা করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক বোধের চর্চা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কিছু নীতির সমালোচনা করেন মামুনুল হক। বর্তমান জনপ্রতিনিধিরা নাগরিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি ড্রেনেজ ও নর্দমা পরিষ্কারসহ স্থানীয় সমস্যা নিরসনে পাশে থাকার অঙ্গীকার করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় এতে ঢাকা মহানগর ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন