সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:২৯ পিএম
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের বিদ্যমান সংকট নিরসন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় বৈঠক করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য সমীকরণ এবং এলডিসি উত্তরণজনিত বিভিন্ন নীতিগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেন সংগঠনের প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মো. রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, মো. শেহাব উদ্দুজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী। কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াসহ পরিচালক ফাহিমা আখতার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, কাজী মিজানুর রহমান, জোয়ার্দার এম. হোসনে কামার আলম, এ.বি.এম. শামসুদ্দিন, ডা. রাশিদ আহমেদ হোসাইনি, রুমানা রাশিদ, মোহাম্মদ সোহেল, সামিহা আজিম, সাকিফ আহমেদ সালাম, মো. শাইফ উল্লাহ, এনামুল আজিজ চৌধুরী এবং সভাপতির ব্যক্তিগত সহকারী মো. শাহরিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ তুলে ধরেন যে, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক ও কর্মকর্তা সরাসরি পোশাকশিল্পের জীবিকার সাথে যুক্ত এবং প্রায় ৩ হাজার উদ্যোক্তা এ খাতে সরাসরি বিনিয়োগ করেছেন। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান এই চালিকাশক্তি সঠিক নীতিগত সহায়তা পেলে বর্তমান পর্যায় থেকে ভবিষ্যতে পোশাক রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। তবে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, বিরোধীদলীয় নেতা অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। শিল্পের চাকা সচল রাখতে সরকারের পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকেও কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, শিল্প ও অর্থনীতির অগ্রগতির স্বার্থে দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, সংসদের ভেতরে ও বাইরে দেশের স্বার্থে জামায়াতে ইসলামী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে; সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ জানানো হবে। বিশেষ করে জাতীয় স্বার্থে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সংকট কাটাতে প্রয়োজনে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে সরাসরি সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন