নভেম্বর ১৬, ২০২৫, ১২:১৪ পিএম
অনেকের জীবনেই হঠাৎ অসুস্থতা বা বিপদ এলে মনে মনে আল্লাহর কাছে কোনো ভালো কাজের বা সদকা করার মানত করেন। তেমনি এক পাঠক মাহবুবুল হক জানতে চেয়েছেন, তার ছেলে অসুস্থ হলে তিনি মনে মনে দুই হাজার টাকা সদকা করার নিয়ত করেন, কিন্তু মুখে কিছু বলেননি।
ছেলে সুস্থ হয়ে ওঠায় এখন এই টাকা সদকা করা তার জন্য আবশ্যক কিনা?ইসলামি শরীয়াহ বা ফিকহের বিধান অনুযায়ী, মানত (বাধ্যতামূলক অঙ্গীকার) সংঘটিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করাকে শর্ত হিসেবে গণ্য করা হয়।
অর্থাৎ, শুধুমাত্র মনে মনে নিয়ত বা ইচ্ছা পোষণ করলে তা মানত হিসেবে গণ্য হয় না এবং সে কারণে তা পূরণ করাও আবশ্যক হয় না।
ইসলামি ফিকহের বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ যেমন আলমাবসূত ও বাদায়েউস সানায়ে-তে এ বিষয়ে স্পষ্ট আলোচনা রয়েছে। ফিকহবিদরা উল্লেখ করেছেন, ইবাদতের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব থাকলেও মানতকে যেহেতু এক প্রকারের অঙ্গীকার বা চুক্তি হিসেবে গণ্য করা হয়, তাই এটি কার্যকর করার জন্য মুখের সুস্পষ্ট উচ্চারণ আবশ্যক।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে পাঠক মাহফুযুল হক যেহেতু মুখে কোনো কিছু বলেননি, কেবল মনে মনে নিয়ত করেছেন, তাই এটি ইসলামি আইন অনুযায়ী মানত হিসেবে আবশ্যক নয়।
তবে ইসলামি বিধান অনুযায়ী, যদিও এটি মানত হিসেবে পূরণ করা আবশ্যক নয়, তবুও আপনি যেহেতু একটি ভালো কাজ করার এবং আল্লাহকে খুশি করার নিয়ত করেছেন, তাই সম্ভব হলে এই অঙ্গীকারটি পূরণ করা বা ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া উচিত হবে। এর মাধ্যমে বান্দার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় এবং নেক আমলের নিয়ত করার সওয়াবও লাভ হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন