এপ্রিল ২৪, ২০২৬, ০৯:০৫ পিএম
আগামী ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই গবেষণা সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
শুক্রবার দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই হিসেবে হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পবিত্র আরাফাহর দিন তথা ৯ জিলহজ হবে ২৬ মে। কেন্দ্রটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২ টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ফলে ওইদিন ১৪৪৭ হিজরি সালের জিলকদ মাসের ২৯ তারিখ পূর্ণ হবে। ওইদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে চাঁদটি দৃশ্যমান থাকবে। বিজ্ঞানীদের মতে, অনুকূল আবহাওয়া থাকলে খালি চোখে এই চাঁদ দেখার জন্য এই সময়সীমা অত্যন্ত যথেষ্ট।এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানিয়েছেন, তাদের এই বৈজ্ঞানিক ও তাত্ত্বিক তথ্য ইতোমধ্যেই আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। মূলত চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও সহজ ও নিখুঁত করতে এবং বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে ইসলামী শরিয়ার সমন্বয়ে সঠিক ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর ফলে সাধারণ মানুষ আগেভাগেই ধর্মীয় উৎসবের প্রস্তুতি নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে এসএসএএইচ স্পষ্টভাবে জানিয়েছে যে, এই তথ্য কেবল বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। হিজরি মাসের শুরু এবং পবিত্র ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার একমাত্র আইনগত ক্ষমতা সংশ্লিষ্ট দেশের সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতেই ন্যাস্ত থাকবে। আবহাওয়ার পরিবর্তন বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখের পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন