মার্চ ৩১, ২০২৬, ০৬:১৮ পিএম
আগামী জুন-জুলাইয়ে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর অংশ হিসেবে দলের কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড়দের ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। সোমবার জাম্বিয়া ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে, এই তালিকাটি ইতিমধ্যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে পাঠানো হয়েছে যা পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পেশ করা হবে।
স্কালোনি জানিয়েছেন যে, প্রাথমিক এই তালিকাটি চূড়ান্ত স্কোয়াড নয়। বরং এখান থেকেই খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্সের গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে চূড়ান্ত ২৬ জনের দল গঠন করা হবে।
কোচের ভাষায়, দলের জন্য কোনটি সবচেয়ে মঙ্গলজনক হবে সেটি বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি কোনো খেলোয়াড়ের মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হয়, তবে তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করতে তিনি দ্বিধা করবেন না।
তবে দলে যারা দীর্ঘদিন ধরে খেলছেন এবং কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে রয়েছেন, তারা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন বলে স্কালোনি ইঙ্গিত দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, পুরনো খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে কোচিং স্টাফের কাছে স্বচ্ছ ধারণা রয়েছে। যা টুর্নামেন্টের বড় মঞ্চে সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে।
বিশ্বকাপের প্রস্তুতির ধারাবাহিকতায় আর্জেন্টিনা সম্প্রতি ঘরের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়লাভ করলেও ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম দলের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠের নৈপুণ্য খুব একটা আহামরি ছিল না। এই জয়ের ব্যবধান নিয়ে কিছুটা আলোচনার সুযোগ থাকলেও স্কালোনির লক্ষ্য এখন পরবর্তী ম্যাচগুলোর দিকে।সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে জাম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
কোচ স্কালোনি নিশ্চিত করেছেন যে, মূল আসরে নামার আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকছে সার্বিয়া, তবে অন্য প্রতিপক্ষটি এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের আগে আয়োজিত এই শেষ দুটি ম্যাচে মূলত চূড়ান্ত ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে স্কালোনির। এভাবেই বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ের জন্য সেরা ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে কাজ করে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন