মার্চ ৩১, ২০২৬, ০৮:২১ পিএম
এশিয়ান কাপ বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সিঙ্গাপুরের মাটিতে আয়োজিত এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ক্যাবরেরার শিষ্যরা। তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত গোলখরা কাটাতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ফলে হার দিয়েই এবারের বাছাই পর্বের মিশন শেষ করতে হলো মিতুল-মোরসালিনদের।ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বেশ গোছানো ফুটবল খেলতে থাকে।
বিশেষ করে বল পজিশন এবং পরিকল্পিত আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণে ভীতি ছড়াতে সক্ষম হয় তারা। তবে খেলার ৩১তম মিনিটে হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। নিজেদের অর্ধ থেকে সিঙ্গাপুরের ফুটবলাররা একটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাক পরিচালনা করেন। বাঁ প্রান্ত থেকে আসা লম্বা পাসটি আটকাতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন।
সিঙ্গাপুরের ফরোয়ার্ডের নেওয়া প্রথম শটটি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা দারুণ দক্ষতায় প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে বাংলাদেশের বক্সে জটলা তৈরি হলেও ডিফেন্ডাররা তা ক্লিয়ার করতে পারেননি, ফলে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ।গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ ম্যাচের ৩৮তম মিনিটে একটি নিশ্চিত সুযোগ তৈরি করেছিল। বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন।
তার নেওয়া জোরালো শটটি সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোললাইনের দিকে যেতে থাকে। এ সময় ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে বলটি দখলের চেষ্টা করলে তিনি পড়ে যান এবং পেনাল্টির আবেদন জানান। তবে রেফারির সাড়া না পাওয়ায় গোলবঞ্চিত থাকে বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্থেও সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে ক্যাবরেরার শিষ্যরা।পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত লড়াই করলেও ফিনিশিংয়ের অভাবে জালে বল জড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে সিঙ্গাপুরের সমানে সমান পাল্লা দিয়েছে বাংলাদেশ।
বিশেষ করে রক্ষণভাগ ও মাঝমাঠের রসায়ন ভালো থাকলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই হারের ফলে জয়ের স্বপ্ন নিয়ে মিশন শেষ করার যে লক্ষ্য বাংলাদেশের ছিল, তা অপূর্ণই থেকে গেল। জাতীয় দলের এই পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে মাঠের লড়াইয়ে ক্যাবরেরার রণকৌশল ও খেলোয়াড়দের একাগ্রতা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সরাসরি বড় টুর্নামেন্টের বাছাই পর্বে এমন হার দলের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন