রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের নকআউটে কানাডা বনাম মরক্কো ইতিহাস গড়ার লড়াই

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:২২ এএম

বিশ্বকাপের নকআউটে কানাডা বনাম মরক্কো ইতিহাস গড়ার লড়াই

২০২২ বিশ্বকাপের তিক্ত স্মৃতি এখনো ভুলে যায়নি কানাডা। কাতারে গ্রুপ পর্বে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল উত্তর আমেরিকার দেশটি। চার বছর পর সেই মরক্কোর বিপক্ষেই আবারও দেখা। এবার অবশ্য মঞ্চ আরো বড়—বিশ্বকাপের শেষ ষোলো। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। যেখানে একদিকে প্রতিশোধের মিশনে নামছে কানাডা, অন্যদিকে মরক্কোর লক্ষ্য ইতিহাসের আরো একটি অধ্যায় লেখা।শেষ বত্রিশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নেয় কানাডা।

স্টিভেন ইউস্তাকিওর ৯২ মিনিটের গোলে ১-০ ব্যবধানে জয় পায় জেসি মার্শের দল। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে তারা। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার হতাশ হলেও শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় কানাডিয়ানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধেই প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে ১০০ বার প্রেসিং করেছে তারা, যা ২০১০ সালের পর বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ। তবে মরক্কোর বিপক্ষে অতীত রেকর্ড কানাডার পক্ষে কথা বলছে না। চারবারের দেখায় তিনবারই হেরেছে তারা, একটি ম্যাচ ড্র হয়েছে।

মরক্কো আবারও প্রমাণ করছে, ২০২২ সালের সেমিফাইনাল কেবল বিস্ময় ছিল না। শেষ বত্রিশে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে তারা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচে ৮০১টি সফল পাস দিয়েছে মরক্কো। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত রয়েছে আফ্রিকার দেশটি। কানাডাকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ে।

দুদলই প্রায় পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে। কানাডার হয়ে দীর্ঘ ইনজুরির পর আলফোনসো ডেভিস ফিরলেও তাকে শুরুর একাদশে রাখবেন কি না, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। মরক্কো শিবিরে কিছুটা শঙ্কা ছিল সেন্টার-ব্যাক শাদি রিয়াদকে নিয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে চোট পেলেও তিনি অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচে খেলার সম্ভাবনা বেশি।প্রথম নকআউট জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কানাডা। অন্যদিকে মরক্কো চাইবে নিজেদের স্বপ্নের যাত্রা আরো দীর্ঘ করতে।