মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ফিলিপাইনসের সাথে ড্র করে পাকিস্তানের আসিয়ান কাপ চমক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:১৩ পিএম

ফিলিপাইনসের সাথে ড্র করে পাকিস্তানের আসিয়ান কাপ চমক

ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফিলিপাইনসের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট সংগ্রহ করল দলটি। মঙ্গলবার অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ লড়াইটি দীর্ঘ দিন মনে রাখার মতো এক ম্যাচ হয়ে থাকল পাকিস্তানের জন্য।

খেলার প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে ২৪ ও ৩২ মিনিটে দুটি গোল আদায় করে নেয় ফিলিপাইনস। ফলে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়েছিল বৈশ্বিক ফুটবলে ১৯৮তম অবস্থানে থাকা পাকিস্তানিরা। তবে দ্বিতীয়ার্ধের বাঁশি বাজতেই অন্য রূপ ধারণ করে দলটি। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোলটি পরিশোধ করে তারা। এরপর ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করে পাকিস্তান ম্যাচে ২-২ গোলের সমতা ফেরায়।

পরবর্তী সময় ফিলিপাইনস আক্রমণের গতি বাড়ালেও দৃঢ় রক্ষণভাগ নিয়ে শেষ পর্যন্ত এই ড্র ধরে রাখতে সক্ষম হয় পাকিস্তান। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৩৫তম স্থানে থাকা ফিলিপাইনসের বিপক্ষে এই ড্রকে দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অর্জন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পক্ষে এই ঐতিহাসিক সমতাসূচক গোল দুটি করেন আলি আকবর খান এবং আব্দুল শেহজাদ।

আসিয়ান কাপে বাংলাদেশের মতো পাকিস্তানও এবারের আসরে আমন্ত্রিত অতিথি দল হিসেবে অংশগ্রহণ করছে।

মূলত চীন টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় শূন্য হওয়া স্থানে খেলার এই সুবর্ণ সুযোগটি পায় পাকিস্তান। টুর্নামেন্টের ‍‍`বি‍‍` গ্রুপে এটিই পাকিস্তানের প্রথম কোনো পয়েন্ট লাভ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়ে আসর শুরু করেছিল পাকিস্তানি ফুটবলাররা।