শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

আজহারুল ইসলাম সাথী

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

ঘোড়াঘাটে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনভর সূর্যের দেখা না মেলায় এবং বৃষ্টির মতো কুয়াশা ঝরে পড়ায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় পথঘাট ঢাকা পড়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডার কারণে শ্রমজীবী মানুষের আয় কমে গেছে।

অটোরিকশা চালক জাইদুল ইসলাম বলেন, “আগে দিনে ৮০০-৯০০ টাকা আয় হতো, এখন ঠান্ডার জন্য গাড়ি নিয়ে বের হতে দেরি হচ্ছে, আয় নেমেছে ৩০০-৪০০ টাকায়।”শীতের এই দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত। রামপুরা গ্রামের কৃষক সৈকত জানান, বোরো আবাদের জন্য তৈরি করা বীজতলা নিয়ে তারা শঙ্কিত। ঘন কুয়াশা ও শিশিরপাত অব্যাহত থাকলে ধানের চারা পচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া পরিবর্তনের ফলে উপজেলা জুড়ে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ছিন্নমূল ও অসহায় মানুষের রক্ষায় দ্রুত পর্যাপ্ত কম্বল ও গরম কাপড় সরবরাহের দাবি জানিয়েছে সচেতন মহল।