নভেম্বর ১১, ২০২৫, ০৬:৪৫ পিএম
চ্যানেল আই কৃষি সংবাদে দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের কৃষি ও কৃষকের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে যেখানে দ্বীপজেলা ভোলায় গ্রামীণ নারীদের বস্তায় আদা চাষের এক ব্যতিক্রমী উদ্যোগ বিশেষভাবে লক্ষ্যণীয়। ভোলার নারীরা বাড়ির আঙিনায় পরিত্যক্ত চাল বা বালুর বস্তায় বেলে-দোআঁশ মাটি ও জৈব সার ব্যবহার করে আদা চাষ করছেন|
যা কেবল তাদের জীবনমানের উন্নয়নই ঘটাচ্ছে না বরং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় ৪৩ হাজার ৬০০ বস্তা আদা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ইতোমধ্যে ৩২ হাজার ৪৭০ বস্তায় চাষ সম্পন্ন হয়েছে এবং এই উদ্যোগ বৈদেশিক আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে দক্ষিণের জেলা বরগুনায় পানের ঐতিহ্যবাহী আবাদ থাকলেও চাষীরা এখন চরম হতাশার মধ্যে দিন পার করছেন।
জেলায় এ বছর ৪১১ হেক্টর জমিতে ৩ হাজার ৬০৪টি বরজে পানের বাম্পার ফলন হলেও বাজারে পানের কাঙ্ক্ষিত দাম না থাকায় এবং সার ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন|খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষীরা যার ফলে অনেকেই মহাজনের ঋণের জালে জড়িয়ে পড়েছেন।
কৃষি বিভাগ জানিয়েছে তারা কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পান রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই সংকট কাটানো সম্ভব হয়। এছাড়া চুয়াডাঙ্গায় তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে শতাধিক চাষীকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যেখানে তুলা চাষের আধুনিক পদ্ধতি ও কীটপতঙ্গ দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা চাষীদের দক্ষতা বৃদ্ধিতে গুরত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন