অক্টোবর ২, ২০২৬, ১০:২৮ এএম
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু অধিকারকর্মী ও শিশু সাংবাদিক জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই বিশ্বমঞ্চে তার নাম এসেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করা কিশোর-কিশোরীদের এই সম্মাননা দেয়। জয়া বণিক গত চার বছর ধরে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন। উপকূলীয় এলাকা ও গ্রামগুলোতে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তিনি মাঠে এবং অনলাইনে সমানভাবে সক্রিয়। জয়ার নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বিভিন্ন পরিবারকে তিনি শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে সচেতন করেছেন।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকারের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই তরুণী। মাঠপর্যায়েও তিনি নিয়মিত কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন। এসব আয়োজনের মূল লক্ষ্য থাকে শিশুদের সুরক্ষা, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানো।
এই মনোনয়নের প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, "আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই। শিশু-কিশোরদের এমন গুরুত্বপূর্ণ অবদান ও কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন