জুন ৯, ২০২৬, ১১:৩২ এএম
বগুড়ার শেরপুরে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ফুলতলা দাখিল মাদরাসা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় সাব্বির বাড়ির পাশের একটি মেহগনি গাছের নিচে আশ্রয় নিলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
আবহাওয়া অধিদপ্তর সাম্প্রতিক সময়ে বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। শেরপুরের এই ঘটনায় স্থানীয় প্রশাসনও জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন