শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ১২:০৭ এএম

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ভারত থেকে আসা দুই যাত্রীর লাগেজ থেকে পনেরো লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। জব্দ করা অবৈধ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দাদের সি-শিফট এই অভিযান সফলভাবে সম্পন্ন করে।

বুধবার বিকেলে দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ তল্লাশি করে দশ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অন্য যাত্রী জাহাঙ্গীর আলমের লাগেজ তল্লাশি করে আরও পাঁচ লিটার স্কটিশ লিডার ও গ্রান্টস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।আইন অমান্য করে অবৈধভাবে পণ্য বহনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে তাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দেশের প্রধান এই বিমানবন্দরকে নিরাপদ রাখতে গোয়েন্দারা তৎপর রয়েছেন।বিমানবন্দরের নিরাপত্তা ও কাস্টমস ব্যবস্থার কড়াকড়ির কারণে চোরাচালানের এমন অপচেষ্টা নিয়মিত ধরা পড়ছে।