শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৯ পিএম

দিনাজপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন স্থানীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিরল উপজেলায় বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

বিরল উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তৃণমূলের মতামত উপেক্ষা করে সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মনোনয়ন দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে আন্দোলন আরও কঠোর হবে।

উল্লেখ্য, প্রার্থী ঘোষণার পর থেকেই বিরল ও বোচাগঞ্জ উপজেলায় টানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশ। ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল এবং নারীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এমনকি অভিনব প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরিধান করেও রাস্তায় নেমেছেন নেতাকর্মীরা।