শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে ভোটের ব্যাপক প্রস্তুতি: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

আতিউর রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৫০ পিএম

দিনাজপুর-২ আসনে ভোটের ব্যাপক প্রস্তুতি: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিরল ও বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম ও উপকরণ তুলে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ও বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে এবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি-ওন’ ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

দিনাজপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন। বিরল উপজেলার ৭১টি এবং বোচাগঞ্জ উপজেলার ৪৫টিসহ মোট ১১৬টি কেন্দ্রে আগামীকাল ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। তারা হলেন— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (বিএনপি-ধানের শীষ), মাওলানা এ কে এম আফজালুল আনাম (জামায়াতে ইসলামী-দাঁড়িপাল্লা), আ ন ম বজলুর রশীদ কালু (স্বতন্ত্র-মোটরসাইকেল), ড. আনোয়ার চৌধুরী জীবন (স্বতন্ত্র-জাহাজ), হাফেজ মাওলানা রেদওয়ানুল কারীম রাবিদ (ইসলামী আন্দোলন-হাতপাখা), এডভোকেট জুলফিকার হোসেন (জাতীয় পার্টি-লাঙ্গল), মাওলানা জোবায়ের সাঈদ (খেলাফত মজলিস-রিকশা) এবং মো. মোকারম হোসেন (মুসলিম লীগ-হারিকেন)।

ভোটাররা এবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি জাতীয় সংস্কার বিষয়ক ‍‍`জুলাই সনদে‍‍`র ওপর গণভোটেও অংশ নেবেন। আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।