রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করলেন দিনাজপুরের এমপিরা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৫ পিএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করলেন দিনাজপুরের এমপিরা

তারেক রহমানের সাথে দিনাজপুরের সংসদ সদস্যরা। ছবি-দিনাজপুর টিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিনাজপুরের নবনির্বাচিত সংসদ সদস্যরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

এসময় তারেক রহমান তার নির্বাচনী এলাকা দিনাজপুর-১ আসনের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেন। নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম প্রতিনিধিকে জানান, দলের শীর্ষ নেতৃত্বের সাথে এই আলাপচারিতায় এলাকার উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ পিনাক এবং দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

তিন আসনের সংসদ সদস্যরা একত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কুশল বিনিময় করেন এবং দলের আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।